মোহাম্মদপুরে শিরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
নিহত শিরু মিয়া পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় ৮ নম্বরে থাকতেন। বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতেন।
তার স্ত্রী জোসনা বেগম জানান, এক কাজে গাজীপুর গিয়েছিলেন তিনি। কাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর তিনি বাসায় কাপড়-চোপড় রেখে আবার বের হয়ে যান। পেছন পেছন আসলে আমাকে বাসায় চলে যেতে বলেন। শরীর খারাপ থাকায় আমি চলে আসি। পরে রাত ৯টার দিকে খবর পাই আমার স্বামীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। ‘আমার জানামতে কারও সাথে তার কোনো শত্রুতা ছিল না। আমার স্বামী দীর্ঘদিন ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাসুর সাথে রাজনীতি করতেন।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) বলেন, একতা হাউজিং এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। এরই মধ্যে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তদন্ত শুরু করেছে। সিআইডির কাজ শেষ হলে সুরতহাল প্রতিবেদন করা হবে। ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
সানবিডি/নাজমুল/১১:১১/০৪.১০.২০২০