প্রমত্তা পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রথম দিন বসানো সম্ভব না হলেও প্রকৌশলীদের প্রচেষ্টায় দ্বিতীয় দিনে পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩২তম স্প্যান। বন্যা ও পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে চার মাস পর পদ্মা সেতুতে বসল এ স্প্যান।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের (খুঁটি) ওপর স্প্যানটি বসানো হয়। এ নিয়ে সেতুর ৪ হাজার ৮০০মিটার অংশ দৃশ্যমান হলো।
এর আগে সবশেষ চলতি বছরের ১০ জুন সেতুর জাজিরা প্রান্তের ২৫ এবং ২৬ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেতুর ৩১তম স্প্যান। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার স্প্যান বসানোর প্রস্তুতি থাকলেও তীব্র স্রোতের কারণে স্প্যানবাহী ক্রেন পিলারের কাছে নোঙর করতে না পারায় বসানো যায়নি স্প্যানটি।
সানবিডি/এনজে/১১:২৪/১০.১১.২০২০