ভারত থেকে বেয়ে আসা রাজশাহীর পদ্মা নদীতে হচ্ছে নৌবন্দর। নদীপথ ব্যবহারের মাধ্যমে ভারত থেকে পণ্য আনা-নেয়ার জন্য জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ পদ্মা নদীতে এ নৌবন্দর হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এ পথে পরীক্ষামূলকভাবে পণ্যের চালান যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গোদাগাড়ীর সম্ভাব্য স্থান পরিদর্শনে আসেন। স্পিডবোটে তিনি পদ্মা নদীর ভারতীয় সীমান্ত এলাকা পর্যন্ত দেখে আসেন। পরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ পদ্মা নদীর এ নৌপথে বাণিজ্য চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। এক মাসের মধ্যেই পরীক্ষামূলক চালান পাঠানোর পরিকল্পনা চলছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা এখন নৌপথটির অবকাঠামো পর্যালোচনা করছেন।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান,নতুনভাবে এ নৌপথটি চালু হলে ভারতের সঙ্গে দেশের বাণিজ্য যোগাযোগ আরও সহজ হবে। কেননা নৌপথে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যায়।
সানবিডি/এনজে/৯:৫৩/১০.১২.২০২০