এবার দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক করে গড়ে তোলা হচ্ছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরটির সম্প্রসারণের কাজ শুরু করেছে। এই বিমানবন্দরে নির্মাণ করা হবে নতুন টার্মিনাল ভবন, যার মাধ্যমে বছরে ২০ লাখ যাত্রী চলাচল করতে পারবেন। আধুনিক স্থাপত্য শৈলী, অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও দৃষ্টিনন্দন উপকরণ ব্যবহারের ফলে বিমানবন্দরটি নতুন রূপে আবির্ভূত হবে।
এ বিষয়ে বেবিচক জানিয়েছে, নতুন টার্মিনাল ভবন নির্মাণ ছাড়াও সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের আওতায় অত্যাধুনিক সুবিধা সম্বলিত কার্গো টার্মিনাল, ফায়ার স্টেশন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, রক্ষণাবেক্ষণ ভবন, ছয়টি উড়োজাহাজ পার্কিং উপযোগী অ্যাপ্রোন, টেক্সিওয়ে, বৈদ্যুতিক উপকেন্দ্র, ফুয়েল ডিস্ট্রিবিউশন অ্যান্ড হাইড্রেন্ট সিস্টেমসহ আরও অনেক সুবিধা সন্নিবেশ করা হবে।
১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০২৩ সালের জানুয়ারিতে বিমানবন্দরের টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করছে বেবিচক। চলতি বছরের ২৪ জানুয়ারি বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেডকে টার্মিনাল ভবনের কার্যাদেশ দেয় বেবিচক।
সানবিডি/এনজে/৯:২৮/১০.১৩.২০২০