সারাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে পণ্যের গুনগত মান নিশ্চিত করতে হবে বলেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ।তিনি বলেন সেজন্য দেশের বড় বড় জেলাগুলোতে আধুনিক ল্যাবরেটরি স্থাপন করতে হবে। যাতে স্বল্প সময়ের মধ্যে পণ্যের সঠিক মান যাচাই করা সহজ হয়। সেজন্য বিএসটিআই’র কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে হবে।
আজ বুধবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস ২০২০ উপলক্ষে রাজধানী তেজগাঁও বিএসটিআই কার্যালয়ে আয়োজিত ‘শিল্পখাতের উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্নঃ নিরাপদ ও টেকসই পৃথিবী গড়তে মান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসটিআই’র মহাপরিচালক ড. মো: নজরুল আনোয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, শিল্প সচিব একেএম আলী আজম, বিএসটিআই’র পরিচালক বেগম নীলুফা হক।
এ সময় শিল্পমন্ত্রী বলেন,বর্তমানে বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় উন্নীত হয়েছে, সেই স্থানে আমাদের পণ্যের মানকে নিয়ে যেতে হবে। বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ এখন স্বাস্থ্য সচেতন। এই অবস্থায় পণ্যের গুনগত মান বজায় রাখতে না পারলে আমরা আন্তর্জাতিক বাজার হারাবো।
তিনি আরো বলেন, বাংলাদেশে যাতে সব ধরনের পণ্যের আন্তর্জাতিক মান বজায় থাকে সেজন্য বিএসটিআইকে আরও আধুনিকায়ন করতে হবে। সরকার বিএসটিআইকে আধুনিকায়ন করতে সব ধরনের কাজ করবে। সেজন্য নতুন নতুন ল্যাব স্থাপনসহ আধুনিক যন্ত্রপাতি ক্রয় করবে।
সানবিডি/এনজে/৭:৪৫/১০.১৪.২০২০