স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নে কাজ করছে সরকার।তিনি বলেন আমরা সারা বাংলাদেশকে নিয়ে একসঙ্গে উন্নয়ন করতে চাই। আমরা সবাই মিলেই বাংলাদেশ। কাউকে বাদ দিয়ে আমরা বাংলাদেশের কথা চিন্তাও করি না। সবাই ভাই ভাই হয়ে আমরা চলতে চাই।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বান্দরবানের থানচি থানা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সীমান্ত রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য সীমান্ত সড়কের কাজ করছি। এই কাজ সম্পন্ন হলে বান্দরবানসহ পাহাড়ের উন্নয়ন বৃদ্ধি পাবে। আগামী প্রজম্ম বান্দরবানের পর্যটনের প্রতি আকৃষ্ট হবে।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে থানচি বিজিবি সদর দপ্তরে অবতরণ করলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিজিবির বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল নাহিদুল ইসলাম গাজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল।
সানবিডি/এনজে/৫:২৪/১০.১৫.২০২০