ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বুল হাসান এফসিএস। শনিবার (১৭ই অক্টোবর) আইসিএসবির ৬৪তম কাউন্সিল সভায় তাকে নির্বাচিত করা হয়।
এর আগে তিনি আইসিএসবির জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬-১৮ মেয়াদে জ্যেষ্ঠ সহ সভাপতি এবং ২০১৩-১৬ মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ বুল হাসান বর্তমানে সিমেন্স বাংলাদেশ লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিব হিসেবে কর্মরত।
একই সভায় এম নাসিমুল হাই এফসিএস, জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কোম্পানি সচিব হিসেবে কর্মরত।
উক্ত কাউন্সিল সভায় সেলিম আহমেদ এফসিএস ইনস্টিটিউটের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ২০১৬-১৯ মেয়াদে আইসিএসবির কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইস্টার্ন হাউজিং লিমিটেডের কোম্পানি সচিব হিসেবে কর্মরত।
এই সভায় মো. শফিকুল আলম এসিএস এফসিএমএ, এফসিএ, ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি আইসিএসবির একজন কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শফিকুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রিন্সিপাল ও সিইও হিসেবে কর্মরত। এছাড়া তিনি সিএফও ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইসিএসবির ৬৪ তম সভায় নির্বাচিত অন্য কাউন্সিল সদস্যরা হলেন, মোজাফফর আহমেদ এফসিএস, এফসিএমএ,মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস, ইতরাত হোসেন এফসিএস, এফসিএমএ, আখতার মতিন চৌধুরী এফসিএস, মো. আসাদ উল্লাহ এফসিএস, মো. আজিজুর রহমান এফসিএস, সেলিম রেজা এফসিএ, এফসিএস, মো. নুরুল আলম এফসিএস এবং মো. শরিফ হাসান এফসিএস।
সানবিডি/এসকেএস/১০:২৩/১৮/১০/২০