সম্প্রতি সারাদেশের বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খুলনার আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন গেটে মহাসড়ক অবরোধ করে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। এ সময় পুলিশ তাদের মহাসড়ক থেকে তুলে দেয়। এরপর শ্রমিকরা প্রতিরোধ করলে সংঘর্ষ হয়। এসময় ইট-পাটকেল, লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ৯ জন শ্রমিক ও ৩ জন পুলিশ আহত হয়েছেন। একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পুলিশ ৪ জনকে আটক করেছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে ইস্টার্ন গেটে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ শুরু করে শ্রমিকরা। ১১ মিনিট পর পুলিশ এসে তাদের তুলে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে ২ রাউন্ড শর্টগান ও ৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়। এ বিষয়ে বিস্তারিত মিডিয়া সেল থেকে জানানো হবে।
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, শ্রমিকরা সকালে শান্তিপূর্ণ অবরোধ শুরু করে। পুলিশ সবাইকে তুলে দেওয়ার পর উত্তজনা সৃষ্টি হয়। এরপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপে ২ জন শ্রমিক আহত হয়।
সানবিডি/এনজে/৩:১৪/১০.১৯.২০২০