মানিকগঞ্জ জেলার শিবালয়ে পদ্মা-যমুনায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৪২ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা-যমুনার শিবালয়ের অংশে স্থানীয় প্রশাসন, পুলিশ, মৎস্য অফিস, আনসার বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন ও সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম এ রায় দেন।
এ ব্যাপারে ইউএনও রুহুল আমীন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জেলেরা মা ইলিশ শিকার করছিল। এমন খবরের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস, প্রশাসন, পুলিশ মিলে নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩০ কেজি মাছসহ ৪২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সানবিডি/এনজে/৩:৪৫/১০.১৯.২০২০