দেশের অন্যতম মেগা প্রকল্প পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের মূল যন্ত্রপাতি নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল এবং একটি স্টিম জেনারেটর বাংলাদেশের মোংলা বন্দরে চলে এসেছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রপথে রাশিয়ান ফেডারেশনের ভলগা থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসব যন্ত্রপাতি গতকাল (১৯ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় এসব যন্ত্রপাতি মোংলা বন্দরে পৌঁছে।
এসব যন্ত্রপাতি রাশিয়ান ফেডারেশনের সমুদ্রগামী জাহাজ থেকে বাংলাদেশের স্থানীয় বিশেষ বার্জে স্থানান্তর করা হবে। আশা করা হচ্ছে, আগামী ৫ নভেম্বর মোংলা বন্দর থেকে যাত্রা শুরু করবে। নদীপথে চাঁদপুর হয়ে আনুমানিক ২১ নভেম্বর পদ্মাপাড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় নবনির্মিত রূপপুর নৌ-বন্দরে পৌঁছাবে এসব যন্ত্রপাতি।
সানবিডি/এনজে/৬:৫২/১০.১৯.২০২০