চলতি মৌসুমে সোনালী আউশ ধান সোনা হয়ে হাসি ফুটিয়েছে চুয়াডাঙ্গা জেলার কৃষকদের মুখে। এ জেলায় এবার সর্বোচ্চ পরিমাণ আউশের আবাদ হয়েছে এবং ফলনও হয়েছে প্রচুর। দেশের অন্য অঞ্চলগুলোর তুলনায় এই জেলায় আউশের ফলন প্রায় ২৫ শতাংশ বেশি। তাছাড়া ধানের বাজারদর ভালো পাওয়ায় কৃষকরা খুশি। গত ছয় বছরে চুয়াডাঙ্গায় আউশ আবাদ বেড়েছে প্রায় দ্বিগুণ।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, ২০১৪-২০১৫ অর্থবছরে এ জেলায় আউশ ধানের আবাদ হয়েছিল ২১ হাজার ৩২৫ হেক্টর। চলতি ২০২০-২১ অর্থবছরে আউশ ধানের আবাদ হয়েছে ৪৩ হাজার ১৭৩ হেক্টর জমিতে। অর্থাৎ, গত ছয় বছরে আবাদ বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি।
চুয়াডাঙ্গার চার উপজেলার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় সবচেয়ে বেশি ১৫ হাজার ৬৮৫ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। অথচ ২০১৪-১৫ অর্থবছরে চুয়াডাঙ্গা সদর উপজেলায় আউশ ধানের আবাদ ছিল ৬ হাজার ৮০০ হেক্টর জমিতে। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে এই উপজেলায় আবাদ বেড়েছে ৮ হাজার ৮৮৫ হেক্টর জমিতে।
এদিকে, দেশের ৬৩টি জেলার মোট আউশের আবাদ যেখানে ১৩ লাখ ৩৪ হাজার হেক্টর, সেখানে মাত্র চার উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা জেলাতেই আউশ আবাদ হয়েছে ৪৩ হাজার ১৭৩ হেক্টর।
কেবল আবাদ নয়, আউশের গড় ফলনেও চুয়াডাঙ্গা জেলা সারাদেশে সেরাদের তালিকায় রয়েছে। দেশে আউশ ধানের গড় ফলন (চাল) প্রতি হেক্টরে ২ দশমিক ৮ মেট্রিক টন। সেখানে চুয়াডাঙ্গা জেলায় আউশ ধানের গড় ফলন (চাল) প্রতি হেক্টরে ৩ দশমিক ৪৭ মেট্রিক টন। অর্থাৎ এই জেলার ফলন সারাদেশের গড় ফলনের ২৩ শতাংশ বেশি।
সানবিডি/এনজে/৮:২৭/১০.২২.২০২০