কক্সবাজার জেলার নতুন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জেলার সাধারণ মানুষের জন্য সেবা নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বদ্ধপরিকর। পুলিশ জনবান্ধব হয়ে সেবা নিশ্চিত করতে চায়। সাধারণ মানুষের সেবা করতে পুলিশ অঙ্গিকারবদ্ধ। তাই কক্সবাজারের সব থানা থাকবে দালালমুক্ত। ভুক্তভোগী মানুষ পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে আইনি সহায়তা পাবেন। এর ব্যতিক্রম হলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নেতৃত্বে কক্সবাজার পুলিশের শীর্ষ কর্মকর্তারা কক্সবাজার প্রেসক্লাবে যান। এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরসহ শীর্ষ সাংবাদিক নেতারা তাদের স্বাগত জানান। এসময় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎকালে এক মতবিনিময় সভায় মিলিত হন পুলিশ সুপার ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।
সানবিডি/এনজে/৫:৫৮/১০.২৭.২০২০