বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভের খবর বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলুতে শিরোনাম করা হয়, ফ্রান্স বয়কটের আন্দোলন বাংলাদেশে গতি পেয়েছে। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ শিরোনাম করেছে, বিশ্বনবীর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।
আনাদলু এজেন্সিকে ইসলামি দলের যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান মাদানি বলেন, শীর্ষ স্থানীয় ইউরোপীয় দেশ গুলোর মধ্যে একটি ফ্রান্স। দেশটি ভালো করেই জানে বিশ্বনবী মোহাম্মদ মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। তিনি বলেছেন, শান্তিপূর্ণভাবে ফ্রান্সের পণ্য বয়কটের আন্দোলন গতি পেয়েছে।
আন্দোলনকারীরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, ঢাকায় আন্দোলনকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
ফ্রান্স২৪ বলছে, পুলিশের ধারণা ৪০ হাজার লোক বিক্ষোভে অংশগ্রহণ করেছে। ঢাকায় ফ্রান্সের দূতাবাস অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাদের আটকায়। কোনো রকম সহিংসতা ছাড়াই অনন্ত ১০০ পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে ব্যারিকেড দিয়ে তাদের থামায়।
বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামি রাজনৈতিক দল ইসলামি আন্দোলন বাংলাদেশের ব্যানারে এটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বৃহৎ মসজিদ (বায়তুল মুকাররম) থেকে এটি শুরু হয়েছিল বলে খবরে প্রকাশ করা হয়।
সানবিডি/নাজমুল/০৬:৪০/২৭.১০.২০২০