দেশের পুঁজিবাজার উন্নয়নে ব্রোকারদের সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শীর্ষ নয় ব্রোকার হাউজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে এই আহ্বান জানায় কমিশন।
বৈঠকে অংশ নেয়া একজন প্রতিনিধি সানবিডিকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করে ওই প্রতিনিধি বলেন, বিশেষ কোনো এজেন্ডা ছাড়াই আমরা শীর্ষ কয়েকটি ব্রোকার হাউজের প্রতিনিধি কমিশনের সঙ্গে বসেছিলাম। যেখানে পুঁজিবাজার উন্নয়নে নানা আলোচনা হয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে পুঁজিবাজার উন্নয়নে কিভাবে ব্রোকাররা ভূমিকা রাখতে পারে, তার উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
বৈঠকে বাজারের উন্নয়নে করনীয় নিয়ে ব্রোকাররা কিছু মতামত তুলে ধরেছেন বলে জানা গেছে। এক্ষেত্রে মার্জিন ঋণের নেগেটিভ ইক্যুইটির সমস্যা সমাধান, স্বল্প সুদে অর্থের সরবরাহ ও ভালো কোম্পানি আনতে প্রণোদনার কথা বিশেষভাবে বলা হয়েছে।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামসহ কমিশনারগণ ও নির্বাহী পরিচালকেরা অংশ নেন।
শীর্ষ ব্রোকারদের মধ্যে অংশ নেয়ারজন্য চিঠি দেয়া হয় এবি সিকিউরিটিজের চেয়ারম্যান এম ফজলুর রহমান, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের প্রতিনিধি মো. রেজাউর রহমান, ইউসিবি ক্যাপিটালের সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউনাইটেড সিকিউরিটিজের সিইও মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, আইডিএলসি সিকিউরিটিজের সিইও মো. সাইফুদ্দিন, সিটি ব্রোকারেজের সিইও মিসবাহ উদ্দিন আফ্ফান ইউসুফ ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও আহসানুর রহমানকে।