বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ২৫১ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ কোটি টাকা। অর্থাৎ ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩২৩ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহে বাজার মূলধন কমে ১ হাজার ৯৭৬ কোটি টাকা। তার আগের সপ্তাহে কমে ১ হাজার ১২৩ কোটি টাকা এবং তার আগের সপ্তাহে কমে ৩ হাজার ৭২১ কোটি টাকা। এ হিসাবে টানা চার সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১২ হাজার ১৪৩ কোটি টাকা।
গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৭.৯৩ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৪১.৭৪ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ। অবশ্য তার আগের দুই সপ্তাহ সূচকটি কমে। ওই সপ্তাহে সূচকটি কমে ১২৩ পয়েন্ট।
প্রধান মূল্য সূচকের পাশাপাশি গত সপ্তাহে কমেছে ডিএসইর অপর দুই সূচক। এর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক কমেছে ১৫.৩৭ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১.২০ পয়েন্ট বা ০.১১ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ১২.৩১ পয়েন্ট বা ০.৭৩ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২১.৯৮ পয়েন্ট বা ১.৩২ শতাংশ।
মূল্য সূচকের পতনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০৬টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ২১০টির। আর ৪৪টির দাম অপরিবর্তিত।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৯৬২ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ২৪০ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ২৭৮ কোটি ৫১ লাখ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:২০/৩১/১০/২০২০