সম্প্রতি মানবতার মুক্তির অগ্রদূত মহানবীকে (সা.) বিদ্রূপ করে কার্টুন প্রকাশে সমর্থন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেসের এক বিধায়কসহ মুসলিমদের বিরুদ্ধে মামলা করেছে ভূপাল পুলিশ।
এ ব্যাপারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ভূপালের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের নেতৃত্বে কয়েক হাজার বিক্ষোভকারী ইকবাল ময়দানে জমায়েত হয়। এসময় তারা ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভের এই ঘটনায় কংগ্রেস বিধায়ক, কয়েকজন আলেম এবং ২ হাজার জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
এ ধরনের বিক্ষোভ বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
বিক্ষোভের ভিডিও পোস্ট করে একটি টুইটবার্তায় শিবরাজ বলেন, মধ্যপ্রদেশ হল শান্তির দ্বীপ। যারা রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চান, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার আওতায় মামলা রুজু করে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেই হোক না কেন, কোনো দোষী ছাড় পাবেন না।
সানবিডি/এনজে/৫:৫৯/১০.৩১.২০২০