কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে রোগীসহ ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিত্তিপাড়ার লক্ষ্মীপুর-নিয়তমোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এসআই আব্দুর রহমান জানান, নিহতদের মধ্যে একজন রোগী। বাকি চারজনও অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিলো। লক্ষ্মীপুর-নিয়তমোড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রোগীসহ অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হন।
তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এছাড়া গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।
সানবিডি/নাজমুল/০৪:৫৮/০৩.১১.২০২০