বাংলাদেশে অধিকহারে বিনিয়োগ করতে চায় নরডিক রাষ্ট্রসমূহ , আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা)-এর কনফারেন্স রুমে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত নরডিক রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতগণ।
(৩ নভেম্বর) মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত তিন নরডিক দেশ ডেনমার্ক নরওয়ে, ও সুইডেনের রাষ্ট্রদূতগণ যথাক্রমে উইনি এসট্রুপ পেটারসেন (ডেনমার্ক), আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে (সুইডেন) ও এসপেন রিকটার-ভেন্ডসেন (নরওয়ে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা)-এর কার্যালয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময়ে তাঁরা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, কোভিড-১৯ কালীন সেবা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচনা কালে জনাব মোঃ সিরাজুল ইসলাম বাংলাদেশের ক্রম বর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট যেমন পদ্মা সেতু, গভীর সমুদ্র বন্দর যা আগামী বছরগুলোতে বাস্তবায়িত হবে এর ফলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে। এসময়ে তিনি আরো বলেন বাংলাদেশ কে বিনিয়োগ বান্ধব দেশ হিসাবে গড়ে তোলা হচ্ছে, আমরা একছাদের নীচে সবগুলো বিনিয়োগ সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি, বর্তমানে আমরা ওএসএস এর মাধ্যমে ২১টি সেবা দিয়ে আসছি, এবছরের শেষ নাগাদ আরো ২৫ টি সেবা এবং আগামী বছরের মধ্য ৩৫ টি সংস্থার মাধ্যমে ১৫৪ টি সেবা দেওয়ার পরিকল্পনা বিডার রয়েছে। যার ফলে ঘরে বসেই যেন বিনিয়োগকারী সব ধরনের সেবা পেতে পারেন।
আলোচনাকালে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রুপ পেটারসেন বাংলাদেশের ক্রম উন্নয়নের প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে যার ফলে তার দেশ বাংলাদেশে বিনিয়োগ ও পুনবিনিয়োগে আগ্রহী। এসময়ে সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে বাংলাদেশে কৃষি ও খাদ্য ইন্ডাস্টিতে বিনিয়োগের প্রকাশ করেন। তিনি বলেন বাংলাদেশ এক বিশাল বাজার এবং মানুষের ক্রয় ক্ষমতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা সুইডেনে ব্যবসায়ীদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তুলেছে।
পারস্পারিক আলোচনাকালে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন বলেন নরওয়ে সব সময়ই বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসাবে কাজ করে আসছে, বিশেষ করে টেলি যোগাযোগ ক্ষেত্রে নরওয়ের বিশাল বিনিয়োগ রয়েছে, যা বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার, এসময়ে তিনি বাংলাদেশে লাভজনক বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে নরওয়ে বাংলাদেশে গ্রীনটেকনোলজি, সোলার এনার্জি, পাট ও পাটজাত দ্রব্যে বিপুল বিনিয়োগে আগ্রহী।
এ সময়ে বিডার পরিচালক আরিফুল হক ভিডিও উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের ক্রম অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ , বিনিয়োগের ক্ষেত্রসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উক্ত সাক্ষাতকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল, মহাসিনা ইয়াসমিন ও অভিজিত চৌধুরী উপস্থিত ছিলেন।
সানবিডি/এসকেএস/৩/১১/২০২০