বিভিন্ন নদীতে ইলিশ ধরায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। রাত ১২টার পর থেকে আগের মতোই মাছটি শিকারে যেতে পারবেন জেলেরা। এজন্য জাল ও নৌকা প্রস্তুত রেখেছেন তারা।
মা-ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। সেই থেকেই নিষেধাজ্ঞা ওঠার অপেক্ষায় রয়েছেন দক্ষিণাঞ্চলের জেলেরা। সেই সঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রস্তুতিও শুরু করেন তারা।
মঙ্গলবার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়ায় বেড়িবাঁধ এলাকায় তেঁতুলিয়া পাড়ের জেলেদের ব্যস্ততা চোখে পড়ে। নদীর কূল ঘেঁষে বাঁধের ওপর রাখা হয়েছে সারি সারি নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার। সেখানেই ওই নৌকা বা ট্রলার মেরামতের কাজ করছেন জেলেরা। বেকার জেলেদের সময় কাটছে নৌকা বা ট্রলার প্রস্তুতি নিয়ে। একই দৃশ্য চোখে পড়েছে জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা পাড়েও।
সানবিডি/এনজে/২:২০/১১.০৪.২০২০