বন্দরনগরী চট্ট্রগ্রাম জেলার মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী জেলার সোনাগাজীতে প্রায় ৩০ হাজার একর আয়তনে গড়ে উঠছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’। এ শিল্পনগর এলাকায় দেশী-বিদেশী উদ্যোক্তাদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। সরকারের কাছ থেকে ১ হাজার ৩২১ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে এ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি বাস্তবায়ন করবে বেপজা।
ঋণসংক্রান্ত বিদ্যমান নীতিমালা অনুযায়ী, দুই বছর গ্রেস পিরিয়ডসহ ৬ শতাংশ সুদে ২০ বছরে এসব ঋণ পরিশোধ করতে হবে বেপজাকে। তবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মতো সর্বোচ্চ ১ শতাংশ সুদহার এবং দুই বছরের স্থলে ১০ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে ঋণ পরিশোধের সময় চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছে বেপজা।
বেপজার এ দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে সুদহার কমানো ও ঋণ পরিশোধের গ্রেস পিরিয়ড সংশোধনের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সানবিডি/এনজে/৮:২৪ /১১.৬.২০২০