শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। রোববার ৮ নভেম্বর সকাল ৯টা থেকে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এরপর মানববন্ধন শেষে তারা ঢাকা বিশ্বদ্যিালয়ের চিকিৎসা অনুষদের ডিনের সঙ্গে দেখা করতে যান। ডিন অফিস থেকে আগের প্রতিশ্রুত দাবি-দাওয়া পূরণে গড়িমসি করা হলে তারা একসঙ্গে শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন।
তাদের দাবিগুলো হলো- করোনার দ্বিতীয় ওয়েভে প্রফেশনাল পরীক্ষা নয়। সেশনজট নিরসনে দ্রুত পদক্ষেপ (১ম, ২য়, ৩য় প্রফেশনাল পরীক্ষার্থীদের) নিতে হবে এবং বেসরকারি মেডিকেল কলেজকে করোনাকালীন সময়ে টাকা আদায়ের অমানবিক চাপ বন্ধ করতে হবে।
এক শিক্ষার্থী জানান, পূর্বের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিন দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন তারা। আন্দোলনকারী অপর শিক্ষার্থী বলেন, ‘দাবিগুলো মেনে নিয়ে লিখিত আকারে নোটিস না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।’
উল্লেখ্য, এর আগে গত বুধবার একই দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন মেডিকেল শিক্ষার্থীরা।
সানবিডি/নাজমুল/০১:৪২/০৮/১১/২০২০