সীমান্ত সংলগ্ন নাফ নদে নৌকায় মাছ ধরা অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ছোড়া গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন।
আজ শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যার পর গুলিবিদ্ধ জেলে গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জেলে মোহাম্মদ ইসলাম (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে।
এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য নজির আহমদ বলেন, শনিবার সন্ধ্যায় তিন জেলে কাঠের নৌকা নিয়ে মাছ শিকারে নামে নাফ নদে।
কিছুক্ষণ পর মিয়ানমারের বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেখানে মোহাম্মদ ইসলামের পেটে গুলি লেগে আহত হলে তার সঙ্গে থাকা অন্য জেলেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
সানবিডি/এনজে/৮:৫৬/১১.০৮.২০২০