বর্তমানে মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে। সোমবার দলটি বলছে, পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশির ভাগ আসনে জয় পেয়েছে তারা।
বিগত ২০১১ সেনাশাসনের কবল থেকে বেরিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হয় মিয়ানমারে। এরপর দ্বিতীয়বারের মতো দেশটিতে রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছে।
এ ব্যাপারে এনএলডির মুখপাত্র মিও নিন্ত বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্লামেন্টে ৩২২ আসনে জয় পেয়েছে। যদিও দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেনি।
তিনি বলেন, আমরা জনগণকে ধন্যবাদ জানাই। জনগণের জন্য, দলের জন্য এটি উৎসাহজনক নির্বাচনী ফল।
সানবিডি/এনজে/৪:২৮/১১.০৯.২০২০