কোন ধরণের কৃত্রিম সংকট তৈরি করা হলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, আমরা কৃত্রিম সংকট তৈরিকে বরদাস্ত করব না। এ অপকৌশলকে বিতাড়িত করতে হবে।
আজ বুধবার বিকেল ৪টায় নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে রাজশাহী ও রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আমন সংগ্রহ/২০২০-২১ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে তিনি বলেন, প্রাকৃতিক কোনো ধরনের দুর্যোগ না হলে কৃষকরা আমন আবাদে লাভবান হন। এবারে আমনের বন্যায় যে ক্ষতির কথা বলা হয়েছে তেমন ক্ষতি হয়নি। এছাড়া আম্ফান দুর্যোগেও ফসলের কোনো ক্ষতি হয়নি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘সরকার রেশন ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং দুর্যোগকালীনের জন্য খাদ্য সংগ্রহ করে থাকে। কৃষকরা যেন ন্যায্যমূল্য পায় সরকার সেই চেষ্টা করছে। যেসব মিলারদের লাইসেন্স নেই তারাও ধান কিনে মজুত করে রেখে কৃত্রিম সংকট তৈরি করেন। আমরা কৃত্রিম সংকট তৈরিকে বরদাস্ত করব না। এ অপকৌশলকে বিতাড়িত করতে হবে।’
সানবিডি/এনজে/৬:২৯/১১.২৫.২০২০