বাংলাদেশে আরো অধিক পরিমাণে বাণিজ্য ও বিনিয়োগ করতে চায় নরওয়ে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও দেশে ৫.২৪ ভাগ জিডিপি প্রবৃদ্ধি হবে,যা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।
আজ বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ইসপেন রিকটার এসভেনডসেন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় টিপু মুনশি বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে একশতটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে অনেক দেশ বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। বাংলাদেশ সরকার বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্সসহ বেশ কিছু সুযোগ-সুবিধা দিচ্ছে। এ মুহূর্তে বিনিয়োগের জন্য বাংলাদেশ খুবই আকর্ষণীয় স্থান। নরওয়ে বাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভবান হবে।
বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমানে নরওয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। নরওয়ে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পরিক দেশ সফরের মাধ্যমে এ সুযোগকে কাজে লাগাতে পারেন। নরওয়েতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হচ্ছে। এছাড়াও ওষুধ, সিরামিক পণ্য, ফার্নিচার, হিমায়িত মৎস্য, চামড়াজাত পণ্য এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্য করার সুযোগ রয়েছে, এ রফতানি আরও বাড়ানো সম্ভব।
উল্লেখ্য, গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ নরওয়েতে ৬৮.১৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৫১.৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
সানবিডি/এনজে/৯:৫৭/১১.২৫.২০২০