আয়কর রিটার্ন জমার সময় না বাড়লেও কিছুটা নমনীয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এমন আভাষই দিয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন।
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী করসেবা প্রদান এবং ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বরই থাকছে। তবে নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না, তাদের জন্য সময় বাড়ানোর সুযোগ থাকবে।
আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে জরিমানা করা হয়। এনবিআর চেয়ারম্যান জানান, জরিমানার বিধান বাধ্যতামূলক নয়। করদাতা যথাসময়ে রিটার্ন জমা না দেয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে।