সংবাদ প্রকাশের জেরে 'বাংলাদেশ প্রতিদিন' এর ক্যাম্পাস প্রতিনিধি মর্তুজা নুরের নামে থানায় মিথ্যা অভিযোগ এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি মানিক রাইহান বাপ্পীর বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় দায়েরকৃত মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকেরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সাংবাদিকরা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমান বলেন, এ ধরণের ঘটনা গোটা সাংবাদিক মহলের জন্য হুমকি স্বরূপ। মূলত অভিযুক্তদের কর্মকর্তাকে আড়াল করার চেষ্টা এবং হয়রানি করাই এ মামলার উদ্দেশ্য বলে মনে করি। এভাবে বিশ্ববিদ্যালয়ের মতো পরিসরে হয়রানির শিকার হতে হয় তবে ক্যাম্পাসগুলো সাংবাদিকতার পথ আরো সংকুচিত হয়ে। তাই দ্রুত এই মামলাটি প্রত্যাহার, একই সাথে গ্রেপ্তার মানিক রাইহান বাপ্পীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
রাবি প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ কেউ ক্ষমতা প্রকাশের জন্য যা তা করে বসছেন। মামলার হুমকিও দিচ্ছেন। আমাদের এই হামলা-মামলার প্রস্তুতি নিয়েই সংবাদের কাজ করতে হয়। এরই মধ্যে এক মামলায় রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রাইহান বাপ্পী কারাগারে। সেই ঘটনার রেশ না কাটতেই মর্তুজা নুরের নামে জিডি করা হয়। অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
রাবি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খুর্শিদ রাজীবের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন রাবি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসাইন, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বিপ্লব, রাবি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ, সহ-সভাপতি হারুন-অর-রশিদ, রাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক শাহিন আলম প্রমুখ। এ সময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ত্রিশজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল ও কলেজে ‘বিধিবহির্ভ‚ত’ পদন্নোতির সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাবি প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও মানহানির অভিযোগ এনে নগরীর মতিহার থানায় অভিযোগ করেন স্কুলের প্রভাষক রুনা লায়লা। এবং ২০১৫ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে ‘সিট বরাদ্দে চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই শিক্ষক ক্ষুব্ধ হয়ে বর্তমান ৫৭ ধারায় মামলা দায়ের করেন। সেই মামলায় ১৩ নভেম্বর সাংবাদিক মানিক রাইহান বাপ্পীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সানবিডি/নাজমুল/০৬:১৩/২৯.১১.২০২০