ইরানের শীর্ষস্থানীয় পরমাণূ বিজ্ঞানীকে হত্যার প্রতিশোধের হুমকির মধ্যেই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজকে পারস্য উপসাগরে ফিরিয়ে আনা হচ্ছে।
এ বিষয়ে মার্কিন নৌবাহিনীর বাহরাইনভিত্তিক পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার রেবেকা রিব্যারিচ এক বিবৃতিতে জানান, নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ফিরে আসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো হুমকির ভূমিকা নেই। খবর রয়টার্সের।
আমেরিকার এক সামরিক কর্মকর্তা জানান, বিমানবাহী রণতরী মোতায়েনের অর্থ হবে ইরাক এবং আফগানিস্তান থেকে যেসব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তাদেরকে কমব্যাট সাপোর্ট এবং এয়ার কভার দেয়া।
আগামী ১৫ জানুয়ারির আগে আফগানিস্তান এবং ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
ইরানের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ শুক্রবার অতর্কিত হামলায় নিহত হওয়ার আগেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। তবে মার্কিন ওই কর্মকর্তা মনে করেন, আমেরিকার এ ধরনের পদক্ষেপ ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের বার্তা দেবে।
সানবিডি/এনজে/২:৩৯/১১.৩০.২০২০