দেশের জন্য নির্ভরযোগ্য ও কার্যকর আর্ন্তজাতিক টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে কক্সবাজারে তৃতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম স্থাপন করা হবে। এতে খরচ হবে ৬৯৩ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকা।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। চলতি বছরের অক্টোবর থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন’ শিরোনামের প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ/ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বাস্তবায়ন করবে।
এই প্রকল্পে বলা হয়েছে, সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সংযুক্ত SEA-ME-WE-6 সাবমেরিন ক্যাবলটি ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর হয়ে ভূমধ্য সাগর অবধি বিস্তৃত হবে। ক্যাবলটির কোর ল্যান্ডিং স্টেশন হবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি, মিসর ও ফ্রান্সে। বাংলাদেশের ব্রাঞ্চটি বঙ্গোপসাগর হয়ে কক্সবাজারের ক্যাবল ল্যান্ডিং স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। কক্সবাজারকে প্রকল্প এলাকা নির্বাচন করা হয়েছে।
সানবিডি/এনজে/৯:১২/০১.১২.২০২০