পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ থাকার কারণে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) চাহিদা বাড়ছে। এতে বাড়ছে এলপি গ্যাস সিলিন্ডারের চাহিদাও। এই বিষয়টি বিবেচনায় নিয়ে গ্যাস সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানি লিমিটেড। টাঙ্গাইলের এলেঙ্গায় বছরে ২০ লাখ সিলিন্ডার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ প্লান্ট স্থাপনে অর্থসহায়তা দেবে বিপিসি।
এ বিষয়ে এলপি গ্যাস লিমিটেড সূত্রে জানা গেছে, এ প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৬৭ কোটি ৬ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় হবে। ইতোমধ্যে সংস্থাটির পরিচালনা পর্ষদে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাই করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ফজলুর রহমান খান বলেন, দেশে এলপি গ্যাসের চাহিদার কথা বিবেচনা করে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামীতে এলপির বাজার বড় হলে আমদানিনির্ভরতা যাতে কমানো যায়, সেজন্য এ সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা।
সানবিডি/এনজে/২:৩৫/০৫.১২.২০২০