দীর্ঘদিনের সংকট নিরসনের জন্য ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির লক্ষ্যে ইইউ ও ব্রিটেনের আলোচনার মেয়াদ বাড়ানো হয়েছে। খবর ডয়চে ভেলে।
আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের আগেই বিষয়টির নিষ্পত্তির চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এদিকে, প্রায় আট মাসে যা সম্ভব হয়নি, মাত্র দুই দিনে সেই অসাধ্য সাধনের প্রচেষ্টা কতটা ফলপ্রসু হবে - সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না। ইইউ এবং যুক্তরাজ্যের মধ্যস্থতাকারীরা সপ্তাহান্তে হাল ছেড়ে দেওয়ার পর দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তির সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছিল।
কিন্তু শনিবার (৫ ডিসেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন টেলিফোনে আলোচনা করার পর শেষ চেষ্টা চালাতে সম্মত হন।
তারই অংশ হিসেবে রোববার (৬ ডিসেম্বর) এবং সোমবার (৭ ডিসেম্বর) দুই পক্ষের মধ্যস্থতাকারীরা আবার বসছেন। সোমবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জনসন ও ফন ডেয়ার লাইয়েন আবার টেলিফোনে কথা বলে সম্ভবত বাণিজ্য চুক্তির ব্যপারে চূড়ান্ত ঘোষণা করতে চলেছেন। সোমবারই সব বিষয়ের নিষ্পত্তি না হলে আলোচনার সময়সীমা আরও বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, এ বছরের পয়লা জানুয়ারি যুক্তরাজ্য পাকাপাকিভাবে ইইউ ত্যাগ করলে দুই পক্ষের মধ্যে বাণিজ্যসহ বাকি সম্পর্ক স্থির করতে চুক্তি এখনও অধরা রয়ে গেছে। চুক্তি সই এবং অনুমোদনের জন্য সময়ও প্রায় শেষ।
সানবিডি/এনজে/৪:১৫/০৭.১২.২০২০