অসুস্থ ব্যক্তির অসুস্থতা বেড়ে গেলে অনেকেই মৃত্যু কামনা করে।তবে মৃত্যু কামনা না করে তখন আল্লাহর কাছে বিশেষভাবে এ দোয়া করতে বলেছেন বিশ্বনবি। হাদিসে এসেছে-
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যেন কখনো দুনিয়ার বালা-মুসিবতে (প্রচণ্ড অসুস্থতায়) পড়ার কারণে মৃত্যু কামনা না করে, বরং সে যেন বলে-
اَللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ - وَ تَوَفَّنِيْ اِذَا كَانَتِ الْوَ فَاةُ خَيْرًا
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহ-য়িনি মা কানাতিল হায়াতু খাইরান লি, ওয়া তাওয়াফফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরান।’
অর্থ : ‘হে আল্লাহ! যতদিন আমার জীবিত থাকা মঙ্গলজনক হয়, ততদিন পর্যন্ত আপনি আমাকে জীবিত রাখুন, আর যখন আমার মৃত্যু মঙ্গলজনক হয় তখন আপনি আমাকে মৃত্যু দিন ‘
তবে অসুস্থত হয়ার আগে সুস্থতাকে মর্যাদা দেয়া সুন্নাত আমল। কেননা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মর্যাদা দেয়ার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবি। একান্তই যদি কেউ প্রচণ্ড অসুস্থ হয়ে যায় তবে এ দোয়ার মাধ্যমে কল্যাণকর সুস্থতা কিংবা মৃত্যুর দোয়া করা জরুরি।
সুতরাং মুমিন মুসলমানের উচিত, প্রচণ্ড অসুস্থতায় অধৈর্য না হয়ে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা এবং তাওবাহ-ইসতেগফার করা। পাশাপাশি উল্লেখিত দোয়া বেশি বেশি পড়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা।
আল্লাহ তাআলা পুরো মুসলিম উম্মাহকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কল্যাণকর জীবন ও মৃত্যুর কামনায় বেশি বেশি এ দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।
সানবিডি/এনজে/৯:৫৪/০৭.১২.২০২০