ফিলিস্তিনির পশ্চিম তীরে নতুন করে আবারও ইহুদি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরাইল। রোববার ইসরাইলি কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে খবর প্রকাশ করে। খবর এপি ও ডেইলি সাবাহর।
এই খবরে বলা হয়, পশ্চিম তীরে আরো চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণ করা হবে। এছাড়া, আল-কুদস শহরের উত্তরে আরো নয় হাজার ইউনিট বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব।
রোববার ইসরাইলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ পশ্চিম তীরে নতুন চারটি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দেন।
নতুন এ পরিকল্পনার আওতায় নতুন নতুন মহাসড়ক, পাতালপথ ও ওভারপাস নির্মাণ করবে ইহুদিবাদী দেশটি।
পরিকল্পনার বাস্তবায়ন হলে কয়েক বছরের মধ্যে ওই সব বসতির বাসিন্দারা জেরুজালেম ও তেল আবিবে অবাধে যাতায়াত করার সুযোগ পাবেন।
অন্যদিকে নিজেদের শহরগুলোর এক বিরাট অংশে অবরুদ্ধ হয়ে পড়বেন ফিলিস্তিনিরা।
সানবিডি/এনজে/৭:১২/০৮.১২.২০২০