দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল ঘন কুয়াশার কারণে আবারও বন্ধ হয়ে আছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকে পড়েছে অসংখ্য যানবাহন। এতে অন্তত ৫ কিলোমিটার করে দুই প্রান্তে ১০ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি।
সারা রাত কনকনে শীত ও কুয়াশার মধ্যে আটকে থেকে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন পণ্যবাহী যানবাহনের চালক-হেলপার, বাসযাত্রী, পরিবহন শ্রমিক এবং ঘাটসংশ্লিষ্টরা। দুর্ভোগ পোহাচ্ছেন ঘাটের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যও।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
সানবিডি/নাজমুল/১১:০১/০৯.১২.২০২০