দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশায় প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার তীব্রতা কমে এলে বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। ।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকে পড়ে অসংখ্য যানবাহন। এতে অন্তত ৫ কিলোমিটার করে দুই প্রান্তে ১০ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি।
সারা রাত কনকনে শীত ও কুয়াশার মধ্যে আটকে থেকে সীমাহীন দুর্ভোগ পোহান পণ্যবাহী যানবাহনের চালক-হেলপার, বাসযাত্রী, পরিবহন শ্রমিক এবং ঘাটসংশ্লিষ্টরা। দুর্ভোগ পোহাতে হয় ঘাটের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যও।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
সানবিডি/নাজমুল/০২:৫৫/০৯.১২.২০২০