যারা পুলিশে যোগ দিয়ে দুর্নীতি করতে চান তারা চাকরি ছেড়ে দেন।এর চেয়ে স্পষ্ট উচ্চারণ আর কি হতে পারে বলেছেন,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।তিনি বলেন, যারা ভবিষ্যতে পুলিশে আসবেন বলে ভাবছেন, তাদের বলবো, আপনার মনে যদি কোনও খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের এখানে আসবেন না, অন্য জায়গায় যান।’
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’ সংযোজনের উদ্বোধন করেন আইজিপি।
পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, ‘দুর্নীতি ও দুর্ব্যবহার নিয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো নিয়ে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। পুলিশে দুর্নীতি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হবো।’
থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়−এমন শিরোনামে বেশ কিছু সংবাদ প্রকাশ হয়েছে, তাহলে কি থানা নিরাপদ নয়? সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘থানা কোনও হত্যাকাণ্ডের পরিকল্পনা কেন্দ্র হতে পারে না। হবে না। এটাই আমরা বলতে পারি। থানা হচ্ছে মানুষের শান্তি ও জীবন রক্ষা করার জায়গা, এর জন্য কাজ করবে থানা। যদিও থানা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তবে আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’
আইজিপি এর আগে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’ উদ্বোধন করেন । টেকটিক্যাল বেল্টের মূল স্লোগান হলো ‘হ্যান্ডস ফ্রি পুলিশিং’ মানে হাত খালি রাখা। এতে পুলিশের কাজে গতি আসবে, মনোবলও বাড়বে। একই সঙ্গে পুলিশকে দেখতেও আরও আধুনিক ও যুগোপযোগী লাগবে।
ছয় চেম্বারের আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টেই থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবেল ব্যাটন, পানির পট, টর্চ লাইট ও ওয়্যারলেস। এতে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে সম্পূর্ণ খালি।
সানবিডি/এনজে/৫:২০/১৫.১২.২০২০