চুয়াডাঙ্গার জীবননগরে প্রকাশ্যে দিনে দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সঙ্গে এখন পর্যন্ত ডাকাতি হওয়া আট লাখ ৮২ হাজার ৯০০ টাকার মধ্যে উদ্ধার করা হয়েছে পাঁচ লাখ ৩ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- জীবননগর উপজেলার দেহাটি গ্রামের রফিক উদ্দিনের ছেলে সাফাতুজ্জামান রাসেল, একই গ্রামের জাহাঙ্গীর শাহর ছেলে মোহাম্মদ রকি, মৃত আক্তারুজ্জামান বাচ্চুর ছেলে মোহাম্মদ হৃদয় ও মফিজুল শাহর ছেলে মাহাফুজ আহমেদ আকাশ। এদের মধ্যে মূল পরিকল্পনাকারী সাফাতুজ্জামান রাসেল। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি জানান, ভারতীয় সনি টিভির সিরিয়াল ক্রাইম পেট্রল দেখে এই চারজন ব্যাংক ডাকাতিতে উৎসাহী হয় তারা। সে অনুযায়ী প্রশিক্ষণও নেয়।
পরিকল্পনা অনুযায়ী অনলাইন মার্কেট প্লেস দারাজ থেকে সংগ্রহ করে খেলনা পিস্তল। ডাকাতি শেষে দলনেতা রাসেল পলাতক ছিল। অবশেষে মঙ্গলবার ভোরে তার নিজ এলাকা জীবননগর উপজেলার দেহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে অভিযান চালিয়ে বাকি তিন জনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি পিপিই, এক জোড়া হ্যান্ডগ্লাভস, দুইটি হেলমেট, একটি খেলনা রিভলবার, একটি খেলনা পিস্তলের ভাঙ্গা অংশ, দুইটি চাপাতি, দুইটি মোটরসাইকেল, একটি ল্যাপটপও উদ্ধার করেছে পুলিশ।
সানবিডি/নাজমুল