দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ক্ষতিগ্রস্ত কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য যে ঋণ প্রণোদনা ঘোষণা করা হয়েছিল, সেটা বিতরণে হতাশাজনক অবস্থা সত্ত্বেও সরকার নতুন আরেকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে। নতুন এই প্রণোদনার পরিমাণ হবে ১০ হাজার কোটি টাকা। এই প্যাকেজের আওতায় কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র (সিএমএসই) উদ্যোক্তাদের ঋণসুবিধা দেওয়া হবে। বাদ দেওয়া হয়েছে মাঝারি উদ্যোক্তাদের।
সিএমএসএমই খাতে চলতি মূলধন সুবিধা দিতে আগে ২০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়। এ তহবিল থেকে ৯ শতাংশ সুদহারে গ্রাহকদের ঋণসুবিধা দেওয়া হয়। এর মধ্যে সরকার ৫ শতাংশ ভর্তুকি হিসেবে দিচ্ছে। প্যাকেজটি বাস্তবায়নের জন্য সময় বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
অন্যদিকে নতুন করে সিএমএসই খাতে সরকার যে ঋণ প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে, সেখানে গ্রাহকদের সর্বোচ্চ ১৪ শতাংশ সুদ দিতে হবে। এর মধ্যে সরকার ৫ শতাংশ ভর্তুকি হিসেবে দেবে।
তবে আগের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন না করে নতুন প্যাকেজ ঘোষণার সিদ্ধান্তকে ‘অবিবেচনাপ্রসূত’ বলেছেন অর্থনীতিবিদরা। তাঁরা বলছেন, পুরনোটি আগে বাস্তবায়ন করা উচিত। সুদের হার নিয়ে তাঁরা বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণখেলাপিতে পরিণত হতে পারেন।
সানবিডি/এনজে/৬:৫৯/১৯.১২.২০২০