অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে নির্ঝঞ্ঝাটভাবে বেরিয়ে যাওয়ার পথ পেল যুক্তরাজ্য। দীর্ঘ এক বছর ধরে চলা নানা হিসাব-নিকাশ আর টানাপোড়েন শেষে সম্পন্ন হলো ইইউ-যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি।
তবে চুক্তিটি এখনও ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদিও চলতি বছরের সমাপ্তি, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড শেষ হওয়ার আগে সেখানে চুক্তির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা কার্যত অসম্ভব। সেক্ষেত্রে অনুমোদনের আগ পর্যন্ত এটি অস্থায়ীভাবেই কার্যকর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাছাড়া, ব্রিটিশ সংসদ সদস্যরাও এই চুক্তির বিস্তারিত দেখার অপেক্ষায় রয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর দেশটির পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসবের মধ্যেই ব্রেক্সিট বাণিজ্য চুক্তির বিষয়ে অবগত করা হবে ইইউ অ্যাম্বাসেডরদের। ইউরোপীয় ইউনিয়নের প্রধান সমঝোতাকারী মিশেল বার্নিয়ার কূটনীতিকদের চুক্তির বিষয়ে সবশেষ তথ্য জানাবেন।
সানবিডি/এনজে