চলমান মহামারি করোনা পরিস্থিতিতে বিদেশগামী যাত্রীদের সংক্রমণ শনাক্তকরণ পরীক্ষা করে সনদ দিতে আরও ২১টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। এর আগে বিদেশগামীদের বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষা ফি সাড়ে তিন হাজার টাকা হলেও সেটি তিন হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. বিলকিস বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এই প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন করে অনুমোদন পাওয়া বেসরকারি হাসপাতাল ও ডায়ানগস্টিক সেন্টারগুলো হলো— ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, গ্রিনলাইফ মেডিকেল কলেজ, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, আলোক হেলথ কেয়ার লিমিটেড, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডিএনএ সল্যুশন লিমিটেড, বায়োমেড ডাগায়নস্টিক, ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ, বিআরবি হাসপাতাল, নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, প্রেসক্রিপশন পয়েন্ট, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল লিমিটেড, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, সিলেটের সীমান্তিক প্যাথলজি ও ডাগাগনস্টিক সেন্টার, চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এবং কিশোরগঞ্জের বাজিতপুরের জরুহুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।
বেসরকারি এসব ল্যাবের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরগুলোয় পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
সানবিডি/এনজে