ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকার ২৬টি খালের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে ঢাকা উত্তর ১৫টি এবং দক্ষিণ ১১টি খালের সার্বিক তত্ত্বাবধান করবে।
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেন মন্ত্রী তাজুল ইসলাম।
ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির কাছে হস্তান্তরের লক্ষ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
এই দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে রাজধানীর খালগুলোর বর্জ্য পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা, খাল উদ্ধার, খালের পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়নসহ যাবতীয় সকল কাজের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যথাযথভাবে পালন ও মনিটরিংয়ে নজরদারি বাড়াবে এমন প্রত্যাশা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলামের।
সানবিডি/এনজে