নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার্জশিট প্রস্তুত করেছে তদন্তকারী সংস্থা সিআইডি। ৩ জানুয়ারি আদালতে জমা দেয়া হবে চার্জশিট।
ভয়াবহ সেই বিস্ফোরণের প্রায় সাড়ে ৩ মাস পর গতকাল বৃহস্পতিবার সন্ধার দিকে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শকের কাছে চার্জশিট হস্তান্তর করে সিআইডি।
এতে মসজিদ কমিটির সভাপতি, ডিপিডিসির ৩ জনসহ ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। ২৭ জানুয়ারি এ সংক্রান্ত শুনানি হবে। ১৫ পাতার চার্জশিটে ২৭টি আলামাত দেখানো হয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, অভিযোগপত্রে এই আসামিদের বিরুদ্ধে ৩০৪ এর ‘ক’ ধারায় অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তাদের অবহেলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের শেষের দিকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন দুইজন।
চার্জশিটে অভিযুক্ত মসজিদ কমিটির ২৬ জন হলেন- আব্দুল গফুর, মো. সামসুদ্দিন সরদার, মো. শামসু সরদার, মো. অসিমউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. শফিকুল ইসলাম উজ্জ্বল, মো. নাঈম সরদার, তানভীর আহমেদ, মো. আল আমিন, মো. আলমগীর সিকদার, মাওলানা আল আমিন, সিরাজ হাওলাদার, নেওয়াজ মিয়া, নাজির হোসেন, আবুল কাশেম, আবদুল মালেক, মনিরুল, স্বপন মিয়া, আসলাম আলী, আলী কাজল মিল্কি, কাইউম, মামুন মিয়া, দেলোয়ার হোসেন, বশির আহমেদ হৃদয় ও রিমেল।
এ ২৬ জনের মধ্যে ৩০ অক্টোবর রাতে তল্লার নিজ বাসা থেকে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেপ্তার করে সিআইডি। পরে ২ নভেম্বর জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন।
অপর তিনজন হলেন- আরিফুর রহমান, মোবারক হোসেন ও রায়হানুল ইসলাম। এর মধ্যে আরিফুর রহমান ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের মিটার রিডার, রায়হানুল ও মোবারক হোসেন বৈদ্যুতিক মিস্ত্রি। তাদের মধ্যে মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ছেন।
সানবিডি/নাজমুল