রাজধানীর খাল পরিষ্কারের দায়িত্ব পাওয়ার পরই কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর কর্তৃপক্ষ আগামী বর্ষার আগেই এপ্রিলের মধ্যেই খালগুলো পরিষ্কার করে ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে চায় । এজন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ শনিবার সকালে রাজধানীর পান্থপথ সড়কের পান্থকুঞ্জ পার্কের বক্স কার্লভার্ট পরিষ্কারের মাধ্যমে খাল উদ্ধার, পরিষ্কার এবং রক্ষাণাবেক্ষণের কার্যক্রম শুরু করেছে ডিএসসিসি।
এই পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে এসে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘মেয়র নির্দেশ নিয়েছেন। আমরা কোনো বিলম্ব না করে কাজ শুরু করেছি। আশা করছি আমরা সফল হবো। আমরা যাতে এপ্রিলের শুরু থেকে ঢাকা শহরকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারি সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি, এপ্রিলের মধ্যে আমরা তিনটা খাল এবং দুইটা কালভার্ট সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পারব। যদি এ সময়ের মধ্যে খাল এবং কালভার্ট পরিষ্কার করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি, এ বছর জলাবদ্ধতা থেকে মুক্তি পাব।’
সানবিডি/এনজে