মহামারি করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) উঠছে ভ্যাকসিন ক্রয় প্রকল্প। এক্ষেত্রে শুধু ভ্যাকসিন ক্রয় ও সংরক্ষণ বাবদ খরচ হবে মোট ৪ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা। তবে চলমান একটি প্রকল্পের সঙ্গে এই ব্যয় যুক্ত করায় প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ৬ হাজার ৭৮৬ কোটি টাকা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে। তবে প্রকল্প প্রস্তাবে ভ্যাকসিনের সংখ্যা ও এককমূল্য উল্লেখ করা হয়নি।
আগামীকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) অনুষ্ঠেয় একনেক বৈঠকে গণভবন থেকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় গণভবনে প্রধানমন্ত্রী ছাড়াও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত থাকবেন। আর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের অন্য সদস্যরা উপস্থিত থাকবেন।
এ বিষয়ে ‘কোভিড -১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডামিক প্রিপারেডেন্সে প্রকল্পের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘আশা করছি মঙ্গলবার (৫ জানুয়ারি) টেবিলে উঠবে এ প্রকল্পটির সংশোধনী প্রস্তাব। পরিকল্পনা কমিশন থেকে প্রকল্পের কিছু সংশোধনের সুপারিশ দেওয়া হয়েছিল। এখন সব কিছু ঠিক করে পরিকল্পনা কমিশনের ফরওয়ার্ডসহ একনেকে উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হচ্ছে।’
সানবিডি/এনজে