বর্তমানে বিশ্বে ইলিশ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এবং আগামী পাঁচ বছর বিদেশে ইলিশ রফতানি করা যৌক্তিক হবে না বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ বুধবার (০৬ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিজ দফতর কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটানা দায়িত্ব পালনের যুগপূর্তি উপলক্ষে ব্রিফিংকালে মন্ত্রী এ কথা জানান।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশ থেকে আগামী পাঁচ বছর ইলিশ রফতানি করা যৌক্তিক হবে না। এখনো গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারে না। তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইলিশ খাওয়ার সুযোগ করে দিতে চাই। তারপর ইলিশ রফতানির কথা ভাবা যাবে। গত ১২ বছরে সরকারের সু-ব্যবস্থাপনার কারণে ইলিশ উৎপাদনে অভাবনীয় সাফল্য এসেছে। আমরা অবৈধ জাল নির্মূলে কাজ করেছি, ইলিশ নিয়ে গবেষণা করা হয়েছে, ডিম ছাড়ার সময় কোনোভাবেই ইলিশ ধরতে দেয়া হয়নি, জাটকা নিধন বন্ধ করা হয়েছে, চোরাইপথে ইলিশ ধরা বন্ধ করা হয়েছে, মা ইলিশ রক্ষায় এ বছর আকাশপথে পর্যবেক্ষণ করা হয়েছে, আমরা মাঠে গিয়েছি। এসবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।’
তিনি বলেন ‘ বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বের মধ্যে এক নম্বরে, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ, অভ্যন্তরীণ জলাশয়ের মাছ উৎপাদনে তৃতীয় এবং চাষের মাছ উৎপাদনে বিশ্বের বড় বড় দেশকে অতিক্রম করে পঞ্চম । দেশীয় ৬৪ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছের মধ্যে ইতোমধ্যে ২৪টি প্রজাতির মাছ বিভিন্ন আঙ্গিকে ফিরিয়ে আনা হয়েছে। দেশীয় মাছ সংরক্ষণের জন্য জিন ব্যাংক করা হয়েছে। এটি অভাবনীয় সাফল্য। মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখায় মন্ত্রণালয় ২০২০ সালে একুশে পদক অর্জন করেছে।’
সানবিডি/এনজে