গৌরবময় শতভাগ বিদ্যুতায়নের কাছাকাছি দাঁড়িয়ে বাংলাদেশ।এরইমধ্যে দেশের গ্রিড এলাকার শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। অফগ্রিডে থাকা প্রত্যন্ত, দুর্গম ও বিচ্ছিন্ন এলাকার যে এক শতাংশ বাকি রয়েছে তা আগামী মার্চের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সেই হিসেবে মুজিববর্ষেই গ্রিড-অফগ্রিড মিলে দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে।
প্রত্যন্ত এলাকায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে এবার অফগ্রিডে থাকা ফরিদপুরের পদ্মার চর অঞ্চলের ১০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুতের আলো পেতে যাচ্ছেন। দুর্গম এই চরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে কাজ করছে সরকার। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফগ্রিড এলাকা পদ্মার চরে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের কাজ শুরু করেছে।
এ বিষয়টি তুলে ধরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে লিখেছেন, ‘ফরিদপুরের পদ্মার চরের মানুষের মাঝে রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে। অনেকদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দুর্গম এই চরের ১০ হাজারের বেশি পরিবার এবার বিদ্যুতের আলোয় নিজের ঘর আলোকিত করতে পারবে।
সানবিডি/এনজে