সুন্দরবনে দীর্ঘ প্রায় ৯ বছর পর সুন্দরবনের সেই কলবাড়ি লোকালয়ের একেবারে কাছে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগারের।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে এই বাঘের দেখা মিলেছে।
বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে কিছু সময় অবস্থান করে আবার বনের গভীরে চলে যায়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাঘের গর্জন শুনে তা অনুসন্ধান করতে গেলে খালের পাশে বাঘটি দেখতে পান। বাঘটি মাত্র কয়েক মিনিট সেখানে অবস্থান করে বনের ভেতরে চলে যায়। তাদের ধারণা খাবারের সন্ধানে বাঘটি লোকালয়ের কাছে চলে এসেছে। এখনও ঐ এলাকায় অবস্থান করছে। বাঘটি যেন নদী পার হয়ে লোকালয়ে আসতে না পারে সে বিষয়ে সবাই সতর্ক রয়েছে।
এ বিষয়ে বন বিভাগের মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ফরেস্টার আনোয়ার হোসেন বলেন, ঘটনা জানার পরেই টাইগার টিমের সদস্যদের নিয়ে ঐ এলাকায় পরিদর্শন করেছি। বাঘটি যাতে লোকালয়ে না আসতে পারে সে বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে। সাথে সাথে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালের ২২ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় একটি বাঘ সুন্দরবন থেকে লোকালয়ে এসেছিল। তারপর এই অঞ্চলে আর কোন বাঘের দেখা পাননি স্থানীয়রা।