রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে আর বাড়াতে চাচ্ছে না সরকার।সেই সঙ্গে পুরনো এবং তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও বন্ধের চিন্তা করা হচ্ছে। তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমাতে এরই মধ্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, ওই প্রস্তাবে এরই মধ্যে ইতিবাচক সম্মতিও পাওয়া গেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে সরকারি -বেসরকারি মিলিয়ে৭৬টি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭ হাজার মেগাওয়াট। যা দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এক তৃতীয়াংশ। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রেন্টাল ( ভাড়াভিত্তিক) বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা নয়টি। যার উৎপাদন ক্ষমতা ৩৭১ মেগাওয়াট। কুইক রেন্টাল ( দ্রুত ভাড়াভিত্তিক) ১২টি। যার উৎপাদন ক্ষমতা ৯৮৩ মেগাওয়াট। এর বাইরে বেসরকারি খাতে রয়েছে ৩৬টি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। সেসব বিদ্যুতকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৪ হাজার ২৮৯ মেগাওয়াট। আর সরকারি খাতে রয়েছে ১৯টি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। সেসব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৪৩২ মেগাওয়াট।
সানবিডি/এনজে