সিরাজগঞ্জে নদী সিস্টেম ড্রেজিং ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফুলজোড় নদীর তীরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, প্রকল্প পরিচালক লেঃ কর্নেল কিসমত হায়াত, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একেএম শফিকুল হক (রাজশাহী জোন), প্রধান প্রকৌশলী (ডিজাইন) হারুনউর রশীদ, তত্বাবধায়ক প্রকৌশলী তারিখ আব্দুল্লাহ আল ফায়াজ, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রকল্প উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা-বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় করতোয়া, ফুলজোড়, বাঙ্গালী ও হুরা সাগর নদী ড্রেজিং/পুনঃখনন ও পাড় সংরক্ষণ প্রকল্পে ২১৭ কিলোমিটর নদীপথ খনন ও নদীতীর সংরক্ষণ করা হবে।
এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ সেনাবাহিনী খনন প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।