বর্তমানে পদ্মা সেতুর নির্মাণকাজে যে ধারাবাহিকতা আছে, এর ফলে আগামী বছর জুনের মধ্যেই সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চলছে এবং এতে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে, তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য। যদি কোনও মেরামতের প্রয়োজন হয় সেজন্য তাদের ২০২৩-এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে। সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য ঠিক করা আছে ২০২২ সালের জুন পর্যন্ত।’ যদিও ২০২২-এর আগেই এ সংক্রান্ত কাজ শেষ হবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।
সানবিডি/এনজে